স্টাফ রিপোর্টার : সড়কে অবৈধ অটোরিক্সা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচদফা দাবি জানিয়েছেন গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনের বাসিন্দারা।
গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার বিকেলে গুলশান-২ চত্বরে অনুষ্ঠিত ‘গণজারণ সমাবেশ’ থেকে তারা এইসব দাবি জানান।
সমাবেশের মূল আয়োজক গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “আমরা অটোরিক্সা বা কারো রুটি-রুজির বিরুদ্ধে নই। আমরা চাই নিরাপদ সড়ক । আর এজন্য সুশৃঙ্খলভাবে, নিয়ন্ত্রিত উপায়ে সব ধরনের যানবাহণ চলাচল করতে হবে।
ব্যারিস্টার ওমর সাদাত বলেন, রিক্সার উপর নির্ভর করে একটা দেশ চলতে পারেনা। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। তাই অবৈধ অটোরিক্সা তুলে দিতে হবে এবং চালকদের জীবীকার বিকল্প ব্যবস্থা করতে হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, অমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত পরিবহণ ব্যবস্থা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দরকার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী, যা আমাদের দেশে অনুপস্থিত। একারনে বিদেশী বিনিয়োগ হচ্ছেনা।
তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং একারণে অসহনীয় যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই এইসব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনবাসীর দাবিসমূহ হচ্ছে; (১) শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন (২) প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করা (৩) ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা (৪) নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং (৫) অটোরিকশা চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ৫ দফা দাবির সমর্থনে বক্তৃতা করেন।
