শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে ৯ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ সিএনজিচালক গ্রেপ্তার

টাঙ্গাইলে ৯ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ সিএনজিচালক গ্রেপ্তার

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় পরিচালিত অভিযানে ৯ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি সহ আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের একটি দল সকাল আনুমানিক ১১টার দিকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকার পাকা রাস্তার ওপর একটি তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে চালক তার হেফাজতে থাকা অবৈধ ইয়াবা ট্যাবলেটের কথা স্বীকার করে। আটককৃত আনোয়ারের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুল-বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ অর্থ, ১টি মোবাইল ফোন এবং ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে গ্রেপ্তারকৃত আনোয়ার জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কৌশলে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রাখত এবং তা টাঙ্গাইল জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

র‌্যাব টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও ইয়াবাসহ তাকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা