বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ প্রবাস মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট চায় না চার দেশ: স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়োগের দাবি

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট চায় না চার দেশ: স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ার প্রক্রিয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো। কর্মী পাঠাবে—এমন চার দেশের প্রতিনিধিরা যৌথভাবে এই প্রথার বিরুদ্ধে অবস্থান নিয়ে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছেন।

সম্প্রতি চার দেশের রিক্রুটিং খাতের প্রতিনিধিদের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগ প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও বৈষম্যহীন। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের হাতে পুরো বাজার কুক্ষিগত থাকলে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো চরম অসম প্রতিযোগিতার মুখে পড়বে। এর ফলে অভিবাসন ব্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নানামুখী অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি তৈরি হবে।

যৌথ ঘোষণায় জোর দিয়ে বলা হয়, শ্রমবাজার কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে থাকা অনুচিত। কোনো এজেন্সিকে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ বন্ধ করতে হবে। চার দেশের সব বৈধ ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা।

খাতসংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছ নীতিমালা, জবাবদিহি এবং সমান সুযোগ নিশ্চিত করা গেলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অনিয়ম হ্রাস পাবে। একই সঙ্গে বৈধ এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে, যা কম খরচে ও নিরাপদে কর্মী অভিবাসনে বড় ভূমিকা রাখবে।

বিবৃতির সমাপনীতে চার দেশের প্রতিনিধিরা পুনর্ব্যক্ত করেন যে, কেবল উন্মুক্ত ও বৈষম্যহীন নীতি গ্রহণের মাধ্যমেই শ্রমিক প্রেরণকারী দেশগুলোর স্বার্থ রক্ষা সম্ভব এবং একটি টেকসই, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক নিয়োগব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা