তুরস্কের ইস্তাম্বুল আয়া সুফিয়া এলাকা থেকে জাহাঙ্গীর খান বাবু: আদম ব্যবসায়ীর প্রতারণায় ইরাক হয়ে তুরস্কে, আয়া সুফিয়ার পর্যটনকেন্দ্রে বহুভাষী বাংলাদেশি সেলসম্যানের প্রবাসজীবন; অবৈধ পথে বিদেশযাত্রা না করার আহ্বান
ইতালিতে যাওয়ার স্বপ্ন নিয়ে ১০ বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন মোহাম্মদ কোরবান শাহ। কিন্তু ইতালি যাওয়া আর হয়ে ওঠেনি। আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে প্রথমে ইরাক, পরে তুরস্কের ইস্তাম্বুলে আসেন তিনি। সেই থেকে ইস্তাম্বুলই তাঁর ঠিকানা। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন ঐতিহাসিক আয়া সুফিয়া এলাকার একটি স্পাইস শপে সেলসম্যান হিসেবে কাজ করছেন। বিদেশের মাটিতে জীবিকা গড়লেও মন পড়ে আছে বাংলাদেশে, অপেক্ষায় আছেন পরিবারের কাছে ফিরে যাওয়ার।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা-দহগ্রাম এলাকার বাসিন্দা কোরবান শাহ। ছাত্রজীবন থেকেই স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। সেই স্বপ্ন পূরণের আশায় একসময় বিদেশযাত্রা। কিন্তু দালালের প্রতারণায় ইতালির পরিবর্তে তাঁকে যেতে হয় ইরাকে। সেখানে কিছুদিন থাকার পর আসেন তুরস্কে। এরপর আর ইতালিতে যাওয়া হয়নি।
ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সুফিয়া ও সুলতান আহমেদ মেট্রো স্টেশনে যাওয়ার পথে ডান পাশে তাঁর কর্মস্থল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের জন্য দোকানটিতে রয়েছে নানা ধরনের মসলা ও খাবারের পণ্য। প্রতিদিনই নানা ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়। বাংলা, হিন্দি, উর্দু, আরবি, তুর্কি, ইংরেজি, স্প্যানিশসহ মালয়েশিয়ার কয়েকটি ভাষায় কথা বলতে পারেন তিনি। ভাষাগত দক্ষতার কারণে বিভিন্ন দেশের পর্যটকদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন। দোকানের মালিকও তাঁকে বেশ পছন্দ করেন। তাঁর ভাষাগত দক্ষতা দোকানের বিক্রি বাড়াতেও ভূমিকা রাখে।
তুরস্কে তাঁর শুরুর দিনগুলো সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছেন। কোরবান শাহের দেওয়া তথ্য অনুযায়ী, তুরস্কের বিভিন্ন শহরে বর্তমানে চার-পাঁচ হাজার বাংলাদেশি থাকতে পারেন। তবে ইস্তাম্বুলে বাংলাদেশির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তাঁর পরিচিতি অনুযায়ী, এখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা সর্বোচ্চ ২০ জনের মতো। কেউ রেস্টুরেন্টে, কেউ টেক্সটাইল কারখানায়, আবার কেউ বিভিন্ন দোকানে কাজ করেন। পরিচিতদের মধ্যে রয়েছেন দিদার, সাত্তার, নাজমুল, মশিউর ও ফারুক। একই শহরে বসবাস করলেও কাজের ব্যস্ততায় তাঁদের নিয়মিত দেখা হয় না।
তুরস্কে শ্রমিকের চাহিদা রয়েছে বলে মনে করেন কোরবান শাহ। তাঁর হিসাব অনুযায়ী, একজন বাংলাদেশি শ্রমিক দক্ষতার সঙ্গে দিনমজুরের কাজ করলে ১১ ঘণ্টায় আড়াই হাজার থেকে তিন হাজার তুর্কি লিরা পর্যন্ত আয় করতে পারেন। মাসিক বেতনও কাজের ধরন ও দক্ষতার ওপর নির্ভর করে ৪০ হাজার লিরা বা তার বেশি হতে পারে। তবে এখানে জীবনযাত্রার ব্যয়ও কম নয়। একটি কক্ষে তিন-চারজন মিলে থাকতে হলেও ভাড়া দিতে হয় ২৫ থেকে ৩০ হাজার লিরা।
বর্তমান বিনিময় হার ধরে আনুমানিক হিসাব করলে প্রতি তুর্কি লিরা প্রায় ২ টাকা ৭০ পয়সা। সে হিসাবে দিনে আড়াই হাজার থেকে তিন হাজার লিরা আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৭৫০ থেকে ৮ হাজার ১০০ টাকা। আর মাসে ৪০ হাজার লিরা বেতন প্রায় ১ লাখ ৮ হাজার টাকা। অন্যদিকে ২৫ থেকে ৩০ হাজার লিরা বাসাভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার ৫০০ থেকে ৮১ হাজার টাকা। তবে বিনিময় হার পরিবর্তনশীল।
কোরবান শাহের দাবি, করোনার আগে তুরস্কে এক লাখের বেশি বাংলাদেশি বসবাস করতেন বলে বিভিন্ন সূত্রে জেনেছেন তিনি। বর্তমানে সেই সংখ্যা অনেক কমে এসেছে। তাঁর মতে, তুরস্কে শ্রমবাজারের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ ও তুরস্ক সরকারের মধ্যে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও শ্রমবাজার নিয়ে আলোচনার অভাবে বাংলাদেশিরা সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না। সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া গেলে নিরাপদ ও বৈধভাবে কর্মী পাঠানোর মাধ্যমে দুই দেশের জন্যই সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।
তুরস্কে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সহযোগিতা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এ বিষয়ে দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দীর্ঘ ১০ বছরে আর দেশে ফেরা হয়নি কোরবান শাহের। বিদেশে আসার পর হারিয়েছেন বাবাকে। দেশে রয়েছেন মা, ভাই-বোন ও স্বজনেরা। মাকেই এখন জীবনের সবচেয়ে বড় ভরসা মনে করেন তিনি। আগামী ২০২৭ সালের অক্টোবর মাসে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এবার দেশে ফিরে বিয়ে করারও পরিকল্পনা রয়েছে তাঁর।
ইস্তাম্বুলে অনেকের কাছেই তিনি পছন্দের মানুষ। তবে বিয়ের ক্ষেত্রে তাঁর পছন্দ পারিবারিক। বাড়িতে জানিয়েছেন, পরিবারের মাধ্যমে পাত্রী খুঁজতে। ইতিমধ্যে একটি মেয়েকে পছন্দ করার কথাও জানা গেছে। তবে শেষ সিদ্ধান্তে মায়ের পছন্দই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মায়ের পছন্দের মেয়েকেই জীবনসঙ্গী করতে চান তিনি। দীর্ঘ প্রবাসজীবনের পর দেশে ফিরে মায়ের পাশে থাকা এবং নতুন করে সংসার শুরু করার স্বপ্ন দেখছেন কোরবান শাহ।
বিদেশের মাটিতে বাংলাদেশিদের দেখা পাওয়া তাঁর কাছে এক অন্যরকম আনন্দের বিষয়। কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে ইস্তাম্বুলে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে দেখা হওয়ায়ও তিনি উচ্ছ্বসিত। নিজে থেকেই এগিয়ে এসে পরিচয় দিচ্ছেন, কথা বলছেন, দেশের নানা খবর জানতে চাইছেন। তাঁর কথায়, বিদেশে এত মানুষের ভিড়ে নিজের দেশের একজন মানুষকে দেখলে মনে হয় আপনজনের দেখা পেলাম।
তবে নিজের অভিজ্ঞতা থেকে নতুন করে তুরস্কে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের সতর্ক করেছেন তিনি। বিশেষ করে আদম ব্যবসায়ীর প্রলোভনে অবৈধ পথে তুরস্কে না আসার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, অবৈধভাবে আসতে গিয়ে নানা ধরনের হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে বিপুল অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত কাজ বা স্থায়ী অবস্থান নিশ্চিত হয় না। এমনকি পরিস্থিতি অনুযায়ী জেল ও জরিমানার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই বিদেশে আসার আগে কাজের সুযোগ, ভিসা, নিয়োগকর্তা ও বৈধ কাগজপত্র সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ইস্তাম্বুলের ব্যস্ত পর্যটন এলাকায় দাঁড়িয়ে বিশ্বের নানা দেশের মানুষের কাছে পণ্য বিক্রি করেন কোরবান শাহ। নানা ভাষায় কথা বলেন, পর্যটকদের সঙ্গে হাসিমুখে যোগাযোগ করেন। অথচ নিজের দেশের মানুষের দেখা পাওয়ার অপেক্ষায় থাকেন প্রতিদিন। তাঁর জীবনের গল্পে ইতালির অপূর্ণ স্বপ্ন আছে, প্রবাসজীবনের সংগ্রাম আছে, বাবাকে হারানোর বেদনা আছে; পাশাপাশি আছে মায়ের কাছে ফিরে যাওয়া, তাঁর পছন্দে বিয়ে করে নতুন সংসার গড়ার স্বপ্ন। বিদেশের মাটিতে এক দশকের অপেক্ষার পর এবার সেই স্বপ্ন পূরণের পালা।
