বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাহুবলে তর্ক-বিতর্কের জেরে পোল্ট্রি খামারে হামলা মুরগি ব্যবসায়ী সায়েদ নিহত

বাহুবলে তর্ক-বিতর্কের জেরে পোল্ট্রি খামারে হামলা মুরগি ব্যবসায়ী সায়েদ নিহত

কাউছার মাহদী, বাহুবল: হবিগঞ্জের বাহুবলে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও হাতাহাতির জেরে পোল্ট্রি খামারে হামলার ঘটনায় মোঃ সায়েদ (৪০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার লালটিলা হরহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়েদ উপজেলার চারগাঁও গ্রামের আজমদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মকবুল মিয়ার ছেলের সঙ্গে সায়েদ মিয়ার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার কিছু সময় পর মকবুল মিয়ার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সায়েদ মিয়ার পোল্ট্রি খামারে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন সায়েদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়েদের মৃত্যুতে চারগাঁও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। তিনি জানান, মোবাইল নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা