স্টাফা রিপোর্টার : দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
শনিবার (২৯ আগস্ট) সকালে নতুন এ দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৮২৪ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৪ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫৩ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
