শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের উপকরণ বিতরণ

নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের উপকরণ বিতরণ

কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধিঃ রবিবার (৩০ আগস্ট) নরসিংদী জেলা কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে বন্দীদের জন্য চারটি টেলিভিশন, হারমোনিয়াম ও তবলা এবং মহিলা বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া কারাগারে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী প্রদান করা হয়।

উপকরণ বিতরণের সময় বন্দীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি হওয়ায় বন্দীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসকের আগমনে কারাগার প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান এবং নরসিংদী জেলা কারাগারের জেল সুপার জনাব মো. তারেক কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কারাগারের প্রফেশন অফিসার, সহকারী সার্জন, জেলার জনাব হুমায়ুন কবির, ডেপুটি জেলারসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাগারে অবস্থানরত ব্যক্তিদের শুধুমাত্র শাস্তি প্রদান নয়, বরং তাদের সংশোধন, মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলাই আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা