শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভা দোয়া মাহফিল

কুলাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভা দোয়া মাহফিল

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কুলাউড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে বেলা সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, “কুলাউড়ার ইতিহাসে আজ সর্ববৃহৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।” তিনি বলেন, ২০২৪ সালকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেও ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের ইতিহাসও স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবের বিষয় এবং এর মধ্য দিয়েই বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির হাত ধরেই হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নির্বাচিত সরকারের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে কুলাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা