বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ লাইফস্টাইল প্রতিদিন সাবান দিয়ে গোসল করার পরও শরীর থেকে দুর্গন্ধ বের হয় : কিন্তু কেন?

প্রতিদিন সাবান দিয়ে গোসল করার পরও শরীর থেকে দুর্গন্ধ বের হয় : কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন সাবান দিয়ে গোসল করার সময় গা ঘষে ঘষে পরিষ্কার করেন, এরপরও শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এ দুর্গন্ধ দূর করতে অনেকেই পারফিউম, ডিওডোর‍্যান্ট, আন্ডারআর্মস রোল অন ব্যবহার করেন। এগুলো কিছুক্ষণের জন্য ঘামের দুর্গন্ধ থেকে স্বস্তি দিলেও সম্পূর্ণরূপে মুক্তি দেয় না। গোসলের সময়ে প্রতিদিনের কয়েকটি ছোট ভুলের কারণে এ সমস্যা হতে পারে।

গোসল করা মানেই শরীর থেকে শুধু ঘাম ও ময়লা ধুয়ে ফেলা নয়। ত্বকের উপকারী জীবাণু, প্রাকৃতিক তেল এবং আর্দ্রতার ভারসাম্যও বজায় রাখা জরুরি। তাই পরিচ্ছন্ন থাকতে গিয়ে অতিরিক্ত পরিষ্কার করার চেষ্টা উল্টা সমস্যা তৈরি করতে পারে। গোসলের সময় কী কী ভুল করা থেকে বিরত থাকবেন জেনে নিন-

কর্কশ সাবান ব্যবহার: শরীর পরিষ্কার রাখতে সাবানের প্রয়োজন। কিন্তু বেশি ব্যবহার করলেই শরীর বেশি পরিষ্কার হবে এমন ধারণা ভুল। অতিরিক্ত সাবান ত্বকের প্রাকৃতিক তেল শুষে নিয়ে আর্দ্রতা কমিয়ে দিতে পারে। যাদের ত্বক শুষ্ক বা স্পর্শকাতর, তাদের মৃদু ক্লিনজার ব্যবহার করা ভালো। বাহুমূল,পায়ের পাতা এবং শরীরের যে অংশে ঘাম বেশি হয়, সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করা জরুরি।

অতিরিক্ত গরম পানি ব্যবহার করা: গরম পানিতে গোসল করলে আরাম লাগে। কিন্তু অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করার কারণে গোসলের পরেও অন্তত ১৫-২০ মিনিট ধরে আপনি ঘামতে পারেন। বাথরুম থেকে বেরোনোর আগেই আপনি আবার ঘেমে যাচ্ছেন, এতেই দুর্গন্ধ তৈরি হচ্ছে আবার।

পা পরিষ্কার না করা: সারা গা সাবান দিয়ে ধুলেও অনেকে পা পরিষ্কার করতে ভুলে যান। এর কারণেই হয়তো শরীরে গন্ধ থেকে যায়। সেখান থেকেই ময়লা ঘর পর্যন্ত ঢোকে সবার প্রথমে। তাই গোসলের সময় ঘষে ঘষে পা ধোয়া উচিত।

তোয়ালে পরিষ্কার না করা: ভেজা তোয়ালে দীর্ঘক্ষণ গুটিয়ে বা স্যাঁতসেঁতে জায়গায় ফেলে রাখলে সেখানে জীবাণু ও দুর্গন্ধ তৈরি হতে পারে। শরীর পরিষ্কার করার পর একই নোংরা তোয়ালে বার বার ব্যবহার করলে এর দুগন্ধ থেকে যায়। ব্যবহারের পরে তোয়ালে টানটান করে মেলে শুকিয়ে রাখুন এবং নিয়মিত পরিষ্কার করুন। এ ছাড়া গোসলের পর পরিষ্কার, শুকনো পোশাক পরাও জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা