মোঃ মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ গভীর রাতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চর টেপারকুটি এলাকার মো. শাহজালাল বাবু এবং ইসলামপুর এলাকার মো. জোবায়ের আহমেদ মিঠু ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানা পুলিশের একটি দল। অভিযানকালে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত থাকা অবস্থায় ঐ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান (পিপিএম) জানান, জেলা পুলিশকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তারাভিযান চালানো হয়েছে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আপন কুমার দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে উল্লেখ করে এ কাজে তিনি স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন
