শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বরণে জনতার ঢল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়ে প্রথম আগমন

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বরণে জনতার ঢল

মোঃ এরশাদুল ইসলাম আজাদ,ভোলা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভোলায় আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে শহরের নতুন বাজার এলাকায় নেমে আসে মানুষের ঢল।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টায় ঢাকা থেকে রওনা হয়ে বরিশাল হয়ে দুপুর ২টার দিকে ভোলায় পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পরে তিনি নতুন বাজার এলাকায় বিজেপি’র প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তব্যে ভোলার সার্বিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি ভোলা মেডিকেল কলেজ স্থাপন, সেতু নির্মাণ, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-মুলাদী-রহমতপুর পর্যন্ত নতুন মহাসড়ক নির্মাণ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ জেলার অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

ব্যারিস্টার পার্থ বলেন, “আপনারা আমার বাবাকে ভালোবেসেছেন, আমাকে ভালোবেসে সংসদ সদস্য বানিয়েছেন। আজ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি মন্ত্রী হয়েছি। আপনাদের এই ঋণের কথা আমি কখনো ভুলব না।”

তিনি আরও বলেন, “আমি টিয়ার-খাবিখা খাই না, আমার বাবাও খায়নি। আমাদের রক্তে এগুলো নেই। কেউ যদি আমার নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করে, সে আমার দলের কেউ নয়।”

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের কোনো সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকা ভোলার মতে এত অল্প সময়ের মধ্যে এত উন্নয়ন প্রকল্প কেউ আনতে পারেননি। ভোলার সেতু ও মহাসড়ক নির্মাণ নিয়ে কেউ দ্বিমত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যেটিকে ভালো মনে করেছে, সেটিই করছে। এ ক্ষেত্রে কারও দোষ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ভোলার উন্নয়ন শুধু কোনো একটি দলের বিষয় নয়। জাতীয় পার্টি, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন ও মানুষের কল্যাণে একযোগে কাজ করতে হবে।

এ সময় তিনি ভোলার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ‘গেস্ট অব অনার’ হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এটি একটি সরকারি সফর, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন ভোলায় থাকবেন এবং শুক্রবার বিকেল চারটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত এগারোটার মধ্যে তিনি ঢাকায় অবস্থান করবেন বলে জানা যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা