মো:খলিলুর রহমান মৃধা, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামের তালতলা বাজার দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে বড় একটি রেন্ট্রি গাছ ভেঙে খালের মধ্যে পড়ে যাওয়ায় সড়কের পাশে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে মাটি নরম হয়ে যায়। এতে সড়কের পাশের বড় রেন্ট্রি গাছটির শিকড় দুর্বল হয়ে পড়লে একপর্যায়ে গাছটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। গাছটি পড়ে যাওয়ার পর খালের পাড়ের মাটি সরে গিয়ে সড়কের পাশে ভাঙন দেখা দেয়।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সড়কের আরও বড় অংশ খালের দিকে ধসে পড়তে পারে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত চলাচলের এই সড়কে ভাঙন আরও বাড়লে দুর্ভোগ চরমে পৌঁছাতে পারে।
এ অবস্থায় দ্রুত ভেঙে পড়া গাছটি অপসারণ, ভাঙনস্থল পরিদর্শন এবং সড়ক রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বর্ষা মৌসুমে সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।
