বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর ৩ মাসেই আগুনে পুড়ে সব শেষ, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

কিশোরগঞ্জে প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর ৩ মাসেই আগুনে পুড়ে সব শেষ, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রবাস থেকে দেশে ফিরে ব্যবসা শুরু করেছিলেন তরুণ ব্যবসায়ী ইমরান মিয়া।

বিস্কুট ও বিভিন্ন খাদ্যসামগ্রীর ডিলারশিপ নিয়ে মাত্র তিন মাস আগে শুরু করেছিলেন নতুন পথচলা। কিন্তু সেই ব্যবসায় আগুন লেগে এক রাতেই পুড়ে গেছে অধিকাংশ মালামাল। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া হেলিপ্যাডসংলগ্ন একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া উপজেলার নিরাহারগাতী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, প্রবাস থেকে দেশে ফিরে মাত্র তিন মাস আগে অলিম্পিক ও হক নামের দুটি কোম্পানির বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ডিলারশিপ নেন ইমরান। ধনকুড়ার ওই দোকান থেকে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার দোকানে এসব পণ্য সরবরাহ করতেন তিনি।

বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান ইমরান। পরে গভীর রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক রিকশাচালক দোকানে আগুন জ্বলতে দেখতে পান। তিনি বিষয়টি ইমরানকে জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী ইমরান মিয়া বলেন, দুটি কোম্পানির প্রায় আট লাখ টাকার মালামাল দোকানে ছিল। কিছু মালামাল উদ্ধার করা গেলেও অধিকাংশই পুড়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করেছিলাম। অনেক আশা নিয়ে এগোচ্ছিলাম। আগুনে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।

হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা