বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ জাতীয় সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে দেখার অতীতের ফ্যাসিবাদী শক্তির ভ্রান্ত ধারণা ও মিথ ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান সব ধর্মের মানুষের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দিয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সব ধর্মাবলম্বীর উপাসনালয়, উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং নতুন উপাসনালয় স্থাপনের স্বাধীনতাও নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, শুধু সংবিধান ও কাগজে-কলমে ধর্মীয় স্বাধীনতা সীমাবদ্ধ থাকবে না। বাস্তবেও ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মানুষের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে নাগরিক পরিচয়ই হবে প্রধান। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নৃগোষ্ঠী—সবাই নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার স্বাধীনভাবে পালন করবেন। জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশের নাগরিক।

তিনি বলেন, দেশের মানুষের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় পরিচয়ের আগে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন দেশের কোনো নাগরিককে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। সবাই সমান অধিকারভুক্ত নাগরিক। এ কারণে সাম্প্রদায়িকতার পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও সামাজিক শান্তির ওপর গুরুত্ব দিতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা