স্টাফ রিপোর্টার : রকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম (৬০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়িও সঙ্গে ছিল।
গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর সময় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গাড়িটির সামনে চলে এলে তাকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, পথচারী নারীকে রক্ষা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। পরে গাড়িটি রাস্তার পাশের ধানখেতে পড়ে যায়।
গুরুতর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহত ফিরোজা বেগমের ভাতিজা রানু মিয়া সরদার (৪৫) বলেন, আহত নারী আমার বড় আম্মা। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে দিয়ে এপার থেকে ওপারে দৌঁড় দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
গোপিনাথপুর গ্রামের প্রতিবেশী রানু বিবি বলেন, ফিরোজা বেগম তাল নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটের কালাইয়ে যাচ্ছিলেন। পথে কিচক ব্রিজের কাছাকাছি পৌঁছালে প্রতিমন্ত্রীর প্রোটেকশন গাড়ি পার হওয়ার পর এক নারী হঠাৎ রাস্তার এপার থেকে ওপারে দৌঁড় দেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তা থেকে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে ওই নারী আহত হন।
এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আহত ফিরোজা বেগমকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
