বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রোমানের নেতৃত্বে সিংগাইরে বিএনপির শোডাউন, তিন দিনে তিন কর্মসূচি

রোমানের নেতৃত্বে সিংগাইরে বিএনপির শোডাউন, তিন দিনে তিন কর্মসূচি

রিপন মিয়া , সিংগাইর (মানিকগঞ্জ) : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা চত্বরসংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ডের বটতলায় জড়ো হতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. জামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে এবং সহসভাপতি আসাদ উল্লাহ খান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান।

বক্তব্যে রোমান বলেন, ‘মানিকগঞ্জ ধানের শীষের এলাকা।’ আগামী দিনে ধানের শীষের রাজনীতি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ করে রোমান অভিযোগ করেন, বিপুল ভোটে নির্বাচিত হলেও তিনি প্রকৃত ধানের শীষের ভোট পাননি। ‘চিটার ধানের ভোটে নির্বাচিত হয়েছেন’ এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে বড় কিছু হয়ে গেছেন—এমন ধারণা ঠিক নয়। আগামীতে ধানের শীষের ‘পরিচর্যা’ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নৌকা ও জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন রোমান। তিনি সংসদ সদস্যের উদ্দেশে বলেন, বিএনপির অনেক নেতাকর্মী তাঁর সঙ্গে নেই এবং তাদের অবমূল্যায়ন করা হয়েছে। তাঁর বাবা বিগত সময়েও একই ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, চান্দহর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল লতিফ, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের নিলুফার ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক মোল্লা, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সিংগাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে তিনটি কর্মসূচি পালিত হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নেতৃত্বে এবং ২ সেপ্টেম্বর সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টানা তিন দিনে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে সিংগাইর উপজেলা বিএনপির নেতাকর্মীরা কার্যত বিভক্ত হয়ে পড়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৃথক কর্মসূচিগুলোকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা