শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমিনবাজারে তুচ্ছ বিরোধের ভয়াবহ পরিণতি, প্রাণ গেল এসবি সদস্যের, আটক ২

আমিনবাজারে তুচ্ছ বিরোধের ভয়াবহ পরিণতি, প্রাণ গেল এসবি সদস্যের, আটক ২

ফাহাদ-ই-আজম, সাভার : সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনায় জহিরুল ইসলামকে মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে থাকা অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে আমিনবাজারের বরদেশী এলাকার একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন।

এ সময় একটি প্রাইভেটকার এসে ওই রিকশাচালক ও তার রিকশাকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে কাছাকাছি থাকা এসবি সদস্য আলতাফ হোসেন ঘটনাস্থলে এগিয়ে যান। তিনি বৃদ্ধ রিকশাচালককে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করেন এবং গাড়িতে থাকা ব্যক্তিদের বেপরোয়া আচরণ নিয়ে আপত্তি জানান।

এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকারে থাকা চার থেকে পাঁচজন যুবক আলতাফ হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে আরও কয়েকজন সেখানে এসে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে প্রাইভেটকারটির মালিক ও চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, এসবি সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা