এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উখিয়ার উনচিপ্রাং বিওপির জসিমের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করা হয়। অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ২৫০ টাকা ধরে উদ্ধার করা ইয়াবার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
