মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে সরকারের অগ্রাধিকার কর্মসূচি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে কিশোরগঞ্জে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ-এর আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ বলেন, সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারিত PMT Score ৮৬০ এর মধ্যে থাকা পরিবারকে নির্বাচন করা হবে। তিনি আরও বলেন, যেসব পরিবার সরকারের অন্যান্য নির্দিষ্ট সুবিধা গ্রহণ করছে, তারা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না।
সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হবে। কোনো অনৈতিক বা অবৈধ পন্থা অবলম্বন করে ফ্যামিলি কার্ড পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ সাইফুল আলম স্বাগত বক্তব্য দেন।
তিনি বলেন,মাদক, গুজব, অপপ্রচার, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ-এর সিনিয়র তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউছার।
তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
সমাবেশে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
