বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ মনজুর মোল্লা, ঢাকা : দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফেরাতে ও তরুণ সমাজকে মাঠমুখী করতে বড় ধরনের অবকাঠামোগত পরিকল্পনার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে বাংলাদেশে নতুন করে ক্রীড়াজাগরণ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প ইতিমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে ফুটবল মাঠ বা খেলার মাঠ তৈরি করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় একটি করে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে সরকারের।

জামালপুরে ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড়ের প্রশংসা করে আমিনুল হক বলেন, “ফুটবলের প্রতি মানুষের এখনো যে ব্যাপক ভালোবাসা ও জনপ্রিয়তা রয়েছে, জামালপুরের দর্শকদের উপস্থিতি তারই প্রমাণ। এখানকার বিপুল গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতির ভিডিও আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠিয়েছি। এই উচ্ছ্বাস ও আয়োজন দেখে প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই আনন্দিত হবেন।”

জামালপুরকে ক্রীড়াবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জেলা স্টেডিয়ামের অসম্পূর্ণ গ্যালারির কাজ দ্রুত সম্পন্ন করে এটিকে একটি পূর্ণাঙ্গ গ্যালারিতে রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, “নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াকাঠামোকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার সার্বিক বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধি করা হলে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করা সম্ভব হবে, যা মাদকমুক্ত সমাজ গঠনেও বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা