কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে পাচার করে আনার সময় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মো. জোনায়েত (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৭৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
আটক জোনায়েত উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬, ব্লক-সি-২, সুবলংকাটা এলাকার নুরু হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে পোগরবুলখালী হোসেন বলীর ঘেরের দক্ষিণ পাশে বিশেষ টহল পরিচালনা করা হয়।
এ সময় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে দুটি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির হাতে থাকা পোটলাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩১ কার্টনে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোনায়েত মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
