ভালুকা, ময়মনসিংহ থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুরে দীপ্তি একাডেমির নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রকিবুল হাসান রাসেলসহ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। এ সময় জাহাঙ্গীর আলমকে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করায় উপস্থিত অভিভাবকরা ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে অভিনন্দন জানান।
সভায় আগামী দিনে দীপ্তি একাডেমিকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বিদ্যালয়ের খেলার মাঠের বর্তমান বেহাল অবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হওয়ায় দ্রুত মাটি ভরাট করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলের বুট ও জার্সি, ভলিবল নেট এবং ছাত্রীদের জন্য ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে দীপ্তি একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিতরা।
