বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক সাদিয়া তাসনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ মো. জি কে গউছ।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে জি কে গউছ বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতে ওরিয়েন্টেশন শিক্ষার্থীদের শিক্ষক, সহপাঠী ও নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। শিক্ষাজীবন শেষে তারা পরিবার ও দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবেন এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’ এই বাস্তবতা শিক্ষার্থীদের মনে রাখতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করে জি কে গউছ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য বই কেনায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

স্বাগত বক্তব্য দেন সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও ক্রপ প্রোডাকশন বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক। এ ছাড়া সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) তৌকির আহামেদসহ বিভিন্ন অনুষদ, হল ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক নবীনদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশের কৃষি ও সামগ্রিক উন্নয়নে অবদান রাখার উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিণত করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উপাচার্য।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা