কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে নি’হ’তে’র ক্ষুব্ধ স্বজনরা। শুক্রবার সকালে মিরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার নওদাপাড়া গ্রামের সাব্বিরের তিন বছরের ছেলে রাফি পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃ’ত ঘোষণা করেন। মৃ’ত্যু’র খবর নিশ্চিত হতেই নি’হ’তে’র স্বজন ও সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালে অতর্কিত তাণ্ডব চালিয়ে বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে।
পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত মেডিকেল অফিসার তাৎক্ষণিকভাবে মিরপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়েই মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল আজিজ অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পরপরই হাসপাতালের ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে যান মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান এবং মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী। নেতৃবৃন্দ এ অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
মিরপুর থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে হাসপাতাল এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
