রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রেইলে হিফজ থেকে গৃহহীনদের ঘর :

নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল থেকে শাহাব উদ্দিন আহমদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজসেবায় নিয়োজিত প্রতিষ্ঠান নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক ও স্থানীয় গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরব বাজার এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের শিক্ষা, মানবিক ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।

তিনি জানান, প্রতিষ্ঠানটির অধীনে হাফেজি ও কওমি মাদ্রাসা, নাজাত মডেল স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বয়স্কদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং তাঁদের ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রায় ১০ কেয়ার জমিতে কবরস্থান, অ্যাম্বুলেন্স সেবা, এতিম শিক্ষার্থীদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, কর্মহীন মানুষকে রিকশা প্রদান, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার দেওয়াসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানের পেছনের ইতিহাস তুলে ধরে মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, ২০০৮ সালে নাজাত ইসলামী মারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ২০১২ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তুলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়।

অর্থায়নের বিষয়ে তিনি বলেন, এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে। বিশেষ করে লন্ডনপ্রবাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য অনুদান পাওয়া যায়। এর বাইরে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয় এবং অনুদানের অর্থ সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়। দেশীয় আইন ও বিধিবিধান মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় নাজাত ইসলামী মারকাজের ডা. হোসাইন আহমদ হামিদীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলার দিন-এর সম্পাদক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকসি মিসবাহ উর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যসচিব রুবেল আহমেদ ও সাবেক সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল মাহমুদসহ শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মী সভায় অংশ নেন।

সভা শেষে মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী সাংবাদিকদের প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা