মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোয় নতুন সেতুবন্ধন

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোয় নতুন সেতুবন্ধন

খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্প।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ওই পথ দিয়ে চলাচল করেন। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এত দিন তাঁদের পানির ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে এ দুর্ভোগ আরও বাড়ত।

বিশেষ করে দুল্লাতলী হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন বাঁশের সাঁকো নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।

লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে নির্মিত এই সাঁকোটি ছয়টি পাড়ার মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করেছে বলে স্থানীয়রা জানান। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সাঁকোটি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা