শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আনসারের দায়িত্বশীলতা ও মানবিকতায় বিমানবন্দরে আহত সেনাসদস্য উদ্ধার, সিএমএইচে প্রেরণ

আনসারের দায়িত্বশীলতা ও মানবিকতায় বিমানবন্দরে আহত সেনাসদস্য উদ্ধার, সিএমএইচে প্রেরণ

স্টাফ রিপোর্টার : ২৫ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক সেনা সদস্য। মাথায় গুরুতর আঘাত, ভেঙে ঝুলে গেছে ডান পা। ঠিক সেই মুহূর্তে ফেরেশতার মতো এগিয়ে এলেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর স্টেশন সংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে ঘটে এই ঘটনা।

কর্তব্যপরায়ণ শাহাবুল তাৎক্ষণিকভাবে আহত সৈনিকের পাশে গিয়ে নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চান, আহত সেনা সদস্য জানান, গাজীপুর থেকে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টারে কর্মস্থলে যোগ দিতে আসার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হন তিনি। পরিস্থিতি দেখে আনসার শাহাবুল দ্রুত তার ব্যাগ ও মুঠোফোন নিজের হেফাজতে নেন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে এসআরবি গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরতদের তৎপরতায় দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আহত সেনা সদস্যকে পাঠানো হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

মানবতার খাতিরে এসআরবি সদস্যদের অনুরোধে শাহাবুল নিজেও অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে ছোটেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

সবশেষে রাতে হাসপাতালে সেনা সদস্যের পরিবার এসে পৌঁছালে আনসার শাহাবুল আহত সেনা সদস্যকে এবং তার সমস্ত মালামাল অক্ষত অবস্থায় বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের সদস্যরা আনসার শাহাবুলের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

দেশজুড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত এভাবেই জনসাধারণের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে এগিয়ে আসেন, যা হয়তো আড়ালেই থেকে যায়। কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর হৃদয়ে কৃতজ্ঞচিত্তে স্মরণীয় হয়ে থাকে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা