কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিবন্ধী স্কুলের ৫১ শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সভায় শিক্ষার্থীদের শিক্ষা, চিকিৎসা, থেরাপি ও প্রয়োজনীয় সহায়ক উপকরণ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলে কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী।
এ সময় পাকুন্দিয়া উপজেলা ব্র্যাক অর্গানাইজার টিটু রঞ্জন কর, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য বাচ্চু মিয়া ও কিশোর রহমান উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মিঠুন চক্রবর্তী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমাজেরই গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ শিক্ষা, পরিচর্যা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারাও নিজেদের প্রতিভা বিকশিত করে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থীর চিকিৎসা বা থেরাপির প্রয়োজন রয়েছে, তাদের জন্যও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের ৫১ জন শিক্ষার্থীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মসলাসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া কুয়েতপ্রবাসী আইন উদ্দিনের পক্ষ থেকে ছাত্র সমন্বয়ক প্রতিনিধি কারিমুল হাসান বিদ্যালয়টিতে দুটি সিলিং ফ্যান উপহার দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সদস্য পাপিয়া সুলতানা পলাশী।
