রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কোমরে স্কচটেপে মোড়ানো ৭ লাখ ৩০ হাজার টাকার ২৪২৮ পিস ইয়াবা উদ্ধার

কোমরে স্কচটেপে মোড়ানো ৭ লাখ ৩০ হাজার টাকার ২৪২৮ পিস ইয়াবা উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। অন্য যাত্রীদের মতোই স্বাভাবিকভাবে বাসে বসেছিলেন তাঁরা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, তাঁদের কোমরে বিশেষ কৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা। তবে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বসানো অস্থায়ী চেকপোস্টে শেষ পর্যন্ত ধরা পড়েছেন ওই দম্পতি।

শুক্রবার এসআরবি-৭ থেকে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার দুজন হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নূরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) এবং তাঁর স্ত্রী রিমা বেগম (৩৫)।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে একটি মাদকচক্র ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে এমন গোপন তথ্য পায় তারা। তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলার কমল মুন্সীর হাটের দক্ষিণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একে একে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এরই মধ্যে সেখানে আসে ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটিতে নিয়মিত তল্লাশির সময় যাত্রীবেশে থাকা জসিম উদ্দিন ও রিমা বেগমের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের আলাদাভাবে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাঁদের কোমরের বিশেষভাবে রাখা কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটের সন্ধান পান অভিযানকারী দলের সদস্যরা। পরে প্যাকেটগুলো খুলে ছয়টি ইয়াবার পোটলা পাওয়া যায়। এসব পোটলায় মোট ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট ছিল। ইয়াবাগুলো এমনভাবে কোমরে বিশেষ কৌশলে রাখা হয়েছিল, যাতে সাধারণ তল্লাশিতে সহজে ধরা না পড়ে। এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুইজনকে আটক করে তল্লাশি করলে তাঁদের কাছ থেকে ২ হাজার ৪২৮টি ইয়াবা পাওয়া যায়।তিনি বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা