শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পটিয়ার ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পুনি সংলগ্ন ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীমাই খালের পানিতে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পটিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ছনহরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদুল হক দৈনিক জনতা কে বলেন, সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহ দেখতে পান, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এবিষয়ে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, ‘উত্তর ছনহরার ১ নম্বর ওয়ার্ডের টেকের পুনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হযেছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা