মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধ : শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সড়ক পার হবার সময় অজ্ঞাত বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালা গ্রামের মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।
পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে সড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগামী অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) শরীফ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত বাসটি আটক করা সম্ভব হয়নি।
