টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের মির্জাপুরে ২ রাতে কৃষি জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট এলাকার সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ। সামনে ইরি-বোরো মৌসুম হওয়ায় সময়মতো জমিতে সেচ দিতে না পারার আশঙ্কা করছেন কৃষকেরা। নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও বিপাকে রয়েছেন তাঁরা। গত শুক্রবার ও রোববার (২০- ২২ নভেম্বর) রাতে মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রাম থেকে এসব ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ ও সাইদুল নবীনের ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে শাহেদ আলীর ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, সামনে ইরি-বোরো মৌসুম। এ সময় ধানখেতে নিয়মিত সেচ দেওয়া জরুরি। কিন্তু ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।
৩ দিনের ব্যবধানে বিভিন্ন গ্রাম থেকে একের পর এক ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে সেচের পানি পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ।
ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোখলেছুর রহমান।
ট্রান্সফরমার চুরির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
