নাটোর থেকে রবিন খান : নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন কেজি অবৈধ শুকনো গাঁজাসহ মোঃ ওমর ফারুক (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের তেবাড়ীয়া ইউনিয়নের বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলা কান্তপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাদক উদ্ধার ও চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া গ্রামস্থ নির্মাণাধীন শাস্তি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওমর ফারুককে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।
