রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

বাহুবল থেকে কাউছার মাহদী : হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চালকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন চালক ও শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৭-সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারে তোহা ইলেকট্রনিক্স দোকানের পাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন ধরে ওই এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা কথা-কাটাকাটি ও উত্তেজনার ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষের চালক ও শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে বাহুবল বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে আতঙ্কিত হয়ে কয়েকজন ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন বলে স্থানীয়রা জানান।

পরে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, সেখানে ২৫ থেকে ৩০ জন চালক ও শ্রমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা