কুলাউড়া মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মসজিদের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর এলাকার উছলাপাড়া খানবাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে পুকুরের পানিতে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয়রা কুলাউড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ছিদ্দিকুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
