মেহেদী হাসান সিরাজী, মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক নারীরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানি গ্রামের আব্দুর সাত্তারের মেয়ে মিম আক্তার (২৭) এবং যশোরের অভয়নগর উপজেলার সংঘভাষা গ্রামের মো. আকবর মোল্লার মেয়ে মোছা. সুমাইয়া খাতুন (২০)।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপির কমান্ডার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/১৮-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিমপাড়া এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাঁদের আটক করে। এ সময় তাঁরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে দালালদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান , আটক দুই নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
