চুনারুঘাট থেকে হাফিজ আহমদ তালুকদার : হবিগঞ্জের চুনারুঘাটে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্পের আওতায় ১৮ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে এসব গাছ রোপণ করা হবে।
কার্যক্রমের প্রথম ধাপে চানপুর চা বাগান ও চন্ডীছড়া চা বাগানে ২০০টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে চুনারুঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৮০০টি করে গাছ রোপণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের পাশে ও উপযোগী এলাকায় পরিকল্পিতভাবে গাছগুলো রোপণ করা হবে।
এর মাধ্যমে উপজেলার সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুনারুঘাট উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে গাছ রোপণের পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
