স্টাফ রিপোর্টার ; জনদুর্ভোগ কমানো ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত সড়কের দুটি অংশ সংস্কারের ফলে স্থানীয় মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার সকালে উপজেলার ৭নং রণচন্ডি ইউনিয়নের কিসামত বীরচরণ গ্রামের পাকা সড়কের দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত দুটি অংশ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. হাসান আলীর নেতৃত্বে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন। এ কাজে ৭নং রণচন্ডি ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করে।
দীর্ঘদিন ধরে সড়কের অংশ দুটি ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে পথচারী ও যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় সড়কটি দিয়ে স্থানীয় মানুষের চলাচল এখন স্বাভাবিক হয়েছে। সংস্কার কার্যক্রমে কিশোরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গিরিশ চন্দ্র রায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
আনসার-ভিডিপি সদস্যদের এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। তাঁরা জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর জন্য আনসার-ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। রণচন্ডি ইউনিয়নের এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে স্বেচ্ছাশ্রম ও জনসম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।
