মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিতর্কিত ও দুর্নীতিতে অভিযুক্ত ইউএনও অবশেষে ঘাটাইল ছেড়ে চলে গেলেন

বিতর্কিত ও দুর্নীতিতে অভিযুক্ত ইউএনও অবশেষে ঘাটাইল ছেড়ে চলে গেলেন

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিতর্কিত ও দুর্নীতিতে অভিযুক্ত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান অবশেষে ঘাটাইল ছেড়ে চলে গেছেন। তাঁর পরিবর্তে ঘাটাইলের নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নূরে তাসমিন উর্মি।

২৮ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশের মাধ্যমে নূরে তাসমিন উর্মিকে ঘাটাইলের নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

ঘাটাইল উপজেলার সাবেক ইউএনও মাহমুদুল হাসানের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। যেমন টেন্ডার আটকে অর্থ দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, সরকারি অর্থ ছাড়ে দুর্নীতি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের গুরুতর অভিযোগ ওঠে। যার কারণে স্থানীয় মহলে তিনি তীব্র সমালোচিত ছিলেন।

ইউএনও’র বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগগুলোর মধ্যে, লক্ষিন্দর ইউনিয়নে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বনায়ন প্রকল্পের গাছ কাটার কাজ দরপত্রের মাধ্যমে পাওয়ার পরও ঠিকাদারদের কাজ আটকে অর্থ দাবির অভিযোগ।

উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার আগেই এডিবির অতিরিক্ত বরাদ্দের ৪৬ লাখ টাকা তুলে নেওয়ার মতো চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ।

ঘাটাইল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আয়-ব্যয়ের তথ্য চাওয়ায়, তথ্য অধিকার আইনের বিপরীতে গিয়ে স্থানীয় সমকাল সাংবাদিককে হুমকি দেওয়ার মত গুরুতর অভিযোগ উঠে ।

বদলি ও চলে যাওয়ার প্রেক্ষাপট দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে বদলির আদেশ হওয়ার পরও তিনি বেশ কিছুদিন স্বপদে বহাল থাকেন এবং ঘাটাইল থেকে অবমুক্ত হননি, যা নিয়ে জনমনে ও সংবাদমাধ্যমে নানা সমালোচনা তৈরি হয়।

অবশেষে ২৮ সেপ্টেম্বর নতুন ইউএনও পদায়নের মধ্য দিয়ে তাঁর ঘাটাইল অধ্যায়ের অবসান ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা