মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পরিত্যক্ত টয়লেটে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

ঘাটাইলে ওষুধ কান্ডে দুদকের অভিযান :

পরিত্যক্ত টয়লেটে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ( ২৬ আগষ্ট ) মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনক ভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় বিপুল পরিমাণ ওষুধ হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে সংরক্ষণ করা অবস্থায় দেখা যায়।

দুদক টাঙ্গাইলের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ সংরক্ষণ, মজুত ও বিতরণসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। অভিযানে নানা অনিয়ম এবং মামলা ভিন্নখাতে প্রবাহিত করে সম্মিলিতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

উল্লেখ্য গত ২৬ আগস্ট মধ্যরাতে চালককে আটক করে পিকআপসহ ওষুধ থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় পরদিন দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদি হয়ে মামলা করেন।

এ বিষয়ে দুদকের উপপরিচালক ফখরুল ইসলাম বলেন, শুরুতেই আমরা ব্যাপক গাফিলতি, তদন্তের নামে দায়সারা কার্যক্রম, নানা অনিয়ম, মামলার আলামত নষ্ট এবং মামলা ভিন্নখাতে প্রবাহিত করে ঘটনাটি পরিকল্পিত ও সম্মিলিতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রাথমিক প্রমাণ পেয়েছি। এখানে অনেক পক্ষের জড়িত থাকার বিষয় অনুমান করা যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ওষুধের বস্তার সঙ্গে থানার জব্দকৃত বস্তার ব্যাপক গরমিল রয়েছে। থানায় খুবই অল্প পরিমাণ জব্দ করা বস্তা দেখানো হয়েছে।

এত বড় একটি ঘটনা ঘটার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিপুল পরিমাণ ওষুধ হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে সংরক্ষণ করে রেখেছেন। এই সংরক্ষণ করা ওষুধের কত দিন মেয়াদ আছে বা মেয়াদোত্তীর্ণ হয়েছে কিনা এবং কি কি ধরনের ওষুধ রয়েছে, তার কোনো তথ্য জানাতে পারেননি। এতে চরম গাফিলতির চিত্র ফুটে উঠেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা