বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ, মামলার তিন আসামি গ্রেপ্তার

আদালতে একজনের স্বীকারোক্তি

গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ, মামলার তিন আসামি গ্রেপ্তার

শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহপরিচারিকাকে অটোরিকশায় তুলে নিয়ে সারারাত আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দোষ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মো. তাউল মিয়ার ছেলে ও বর্তমানে শ্রীমঙ্গলের মিশন রোডে জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মো. মমিনুল ইসলামের ছেলে ও বর্তমানে শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডের বাসিন্দা আল আমিন ইসলাম (২০)। তাদের মধ্যে মো. জুয়েল মিয়া ওরফে সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভুক্তভোগী গৃহপরিচারিকার কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। শ্রীমঙ্গল পৌরসভার উকিলবাড়ী রোড এলাকায় পৌঁছালে অভিযুক্ত তিনজন একটি অটোরিকশা নিয়ে সেখানে আসেন এবং তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রাখা হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে আসামিরা সারারাত তাকে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীকে ওই বাসা থেকে অটোরিকশায় করে শ্রীমঙ্গল রেলস্টেশনে এনে রেখে চলে যান। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা রেলস্টেশনে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেন। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে আসামি মো. জুয়েল মিয়া ওরফে সোহেল দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা