বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ  চোরাই পাঁচ অটোরিকশা ও যন্ত্রাংশসহ দুইজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে গ্যারেজে পুলিশের অভিযান :

 চোরাই পাঁচ অটোরিকশা ও যন্ত্রাংশসহ দুইজন গ্রেপ্তার

শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গ্যারেজে অভিযান চালিয়ে চুরি হওয়া পাঁচটি অটোরিকশা ও বিপুল পরিমাণ যন্ত্রাংশসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ভৈরববাজারের দেওয়ান মার্কেটে অবস্থিত বাইক্কাবিল গ্যারেজে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার মোহাম্মদপুর ডাকঘরের আওতাধীন কালিয়াগাঁও গ্রামের সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. আবুল তালেবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্যারেজে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডায়নামিক (DYNAMIC) ব্র্যান্ডের একটি, ইউয়ানদি (YUANDI) ব্র্যান্ডের তিনটি এবং নামবিহীন একটিসহ মোট পাঁচটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। পাশাপাশি অটোরিকশার সামনের চারটি কাচ, ১০টি চাকা, চারটি জাম্পার ও তিনটি ডিফারেনশিয়াল জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে অভ্যাসগতভাবে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল গ্রহণের অভিযোগে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা