কক্সবাজারে থেকে রিয়াজ উদ্দিন : কক্সবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাফসহ ইব্রাহিম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১ অক্টোবর) পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর উখিয়ার থ্যাংখালী এলাকায় স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করেন।
পরে অসুস্থতার কারণে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আবার কক্সবাজার সদর হাসপাতালে এনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
এ সময় তার নিরাপত্তায় একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল দায়িত্বে ছিলেন। তবে পুলিশ প্রহরার মধ্যেই হ্যান্ডকাফ পরা অবস্থায় ইব্রাহিম হাসপাতাল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনাটি কক্সবাজার সদর মডেল থানা এলাকায় হওয়ায় আসামির বিরুদ্ধে সেখানে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারে উখিয়া থানা পুলিশের একাধিক দল সাদা পোশাকে অভিযান চালাচ্ছে।
এদিকে হাসপাতাল থেকে পুলিশ প্রহরায় হ্যান্ডকাফসহ একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ইব্রাহিমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত ও তাকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করার বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নথি ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
