ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌরসদরে চুরি-ছিনতাই, মাদক ব্যবসা ও বখাটেদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসদরের বিভিন্ন এলাকায় দিনের পাশাপাশি রাতের বেলায়ও চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া বিভিন্ন স্থানে মাদক সেবন ও বেচাকেনা এবং কিশোর ও যুবকদের বখাটেপনার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বিভিন্ন অপরাধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলেও পুলিশের নিয়মিত টহল ও দৃশ্যমান অভিযান তেমন চোখে পড়ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।
স্থানীয় সচেতন মহল বলছে, পৌরসদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান এবং চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
