কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী।
কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউএফটিবির স্থায়ী ক্যাম্পাসকে সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি গাছের চারা রোপণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অংশ হিসেবে ইউএফটিবিও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসকে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপাচার্য আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বেরও প্রতিফলন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএফটিবির স্থায়ী ক্যাম্পাসকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সবুজ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
