কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।
আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় সাত দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।
বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইন অনুযায়ী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে আসছে। ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতিনির্ভর কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
