রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুতুবদিয়ায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় ৩৭২ জনকে ত্রিশ লক্ষ টাকার সহায়তা

কুতুবদিয়ায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় ৩৭২ জনকে ত্রিশ লক্ষ টাকার সহায়তা

কুতুবদিয়া, (কক্সবাজার) থেকে এম. শহীদুল ইসলাম : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দরিদ্র, অসহায়, দু:স্থ ও অসুস্থ লোকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

দ্বীপের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পরিষদ। এসব মানুষের আর্থিক সহায়তায় জেলা পরিষদের উদ্যোগে ৩০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদ কক্সবাজারের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানে দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, দ্বীপের বাসিন্দা হিসেবে আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম। বর্তমান সরকারের সুনজরে দ্বীপে টেকসই বেড়িবাঁধ নির্মানসহ দ্বীপবাসীর আর্থ সামাজিক উন্নয়নে সরকার অসহায লোকদের পাশে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী আসিফ, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ কুতুবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোছাইন, সদস্যসচিব এমএ সালাম কুতুবী, উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম, লেমশীখালীর চেয়ারম্যান আকতার হোছাইন, কৈয়ারবিলের চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) শফিউল আলম, শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোসাইন ভুট্টুসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রধান অতিথি, উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ার প্রান্তিক পর্যায়ের দরিদ্র, অসহায়, দু:স্থ ও অসুস্থ ৩৭২ পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা