রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ফুটপাত-সড়কে জীবিকার লড়াই, স্থায়ী ঠিকানা চান কুলাউড়ার হকাররা

ফুটপাত-সড়কে জীবিকার লড়াই, স্থায়ী ঠিকানা চান কুলাউড়ার হকাররা

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি : একদিকে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদ, অন্যদিকে ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গার অভাব। এই দুই বাস্তবতার মধ্যেই প্রতিদিন জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার ভাসমান হকাররা। শহরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে পণ্য সাজিয়ে বসেন তারা। দিন শেষে বিক্রি কেমন হবে, পরদিন কোথায় ব্যবসা করবেন—এমন অনিশ্চয়তা নিয়েই কাটে তাদের জীবন।

রাতের আঁধারে শহরের বিভিন্ন স্থানে আলো জ্বেলে পসরা সাজান ক্ষুদ্র ব্যবসায়ীরা। কেউ বিক্রি করেন ফলমূল, কেউ কাপড়, কেউবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। তাদের প্রত্যেকের পেছনে রয়েছে একটি করে পরিবার, রয়েছে বেঁচে থাকার স্বপ্ন ও সন্তানদের ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা।

কিন্তু ব্যবসার জন্য স্থায়ী কোনো জায়গা না থাকায় তাদের দুর্ভোগের শেষ নেই। হকারদের মতে, একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হলে তারা নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন। একই সঙ্গে সড়ক ও ফুটপাতের ওপর চাপ কমানো সম্ভব হবে।

তারা জানান, বিভিন্ন সময়ে পুনর্বাসনের আশ্বাস পাওয়া গেলেও এখনো কার্যকর সমাধান মেলেনি। ফলে জীবিকার প্রয়োজনে প্রতিদিনই অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।

হকারদের বক্তব্য, তারা শহরের সৌন্দর্য নষ্ট করতে চান না, পথচারীদের চলাচলেও বাধা সৃষ্টি করতে চান না। তারা চান পরিকল্পিত একটি বাজার কিংবা নির্ধারিত ব্যবসাস্থল, যেখানে নিরাপদে পণ্য বিক্রি করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের আহ্বান, উচ্ছেদ বা হয়রানির পরিবর্তে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমস্যাটির সমাধান করা হোক। একটি পরিকল্পিত পুনর্বাসন উদ্যোগই পারে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করতে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা