মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা: গুজবে কান না দেওয়ার আহ্বান ইউএনওর

কাপ্তাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা: গুজবে কান না দেওয়ার আহ্বান ইউএনওর

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদ্‌যাপনে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউএনও আরও বলেন, পূজা শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তিনি।

সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৩৮ বীরের প্রতিনিধি ক্যাপ্টেন শামসির আরেফিন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপপরিদর্শক দূর্জয় সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য দেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টুসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা