কুলাউড়া (মৌলভীবাজার) থেকে মো: সিপাউর রহমান : মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। ৫ অক্টোবর সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভট্টো, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজমুল হোসেন, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে সেলিম আহমদ, প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ মোশের্দ আলম, শিউলি আচার্য ও সোহানা আক্তার চৌধুরী।
